পৌরসভার নিষেধাজ্ঞা সত্বেও বাঁকুড়ায় অবাধ ব্যবহার পলিথিন ক্যারিব্যাগের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়, ৭ মে: ৭৫ মাইক্রনের নীচে পলিথিন ক্যারিব্যাগ ক্রয়-বিক্রয় ও ব্যবহারে বাঁকুড়া পৌরসভা নিষেধাজ্ঞা আরোপ করলেও সারা শহরজুড়েই চলছে তার অবাধ ব্যবহার। সম্প্রতি পাতলা পলিথিন ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ ঘোষণা করে পুরসভা। সেই সঙ্গে ব্যবহারকারী, ক্রেতা, বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্ৰহণ করা হবে বলে পুরসভার পক্ষ থেকে প্রচার করা হয়।

১লা মে থেকে পৌরসভার এই সিদ্ধান্ত কার্যকরী বলেও প্রচার করা হয়। কিন্তু ঐ পর্যন্তই। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্ৰহণ তো দূরের কথা পুরসভা সামান্য অভিযানেও বেরোয়নি। আর সেই সুযোগে এক শ্রেণির ব্যবসায়ী, দোকানদার পলিথিন ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করলেও বেশিরভাগ দোকানদার অবাধে ক্যারিব্যাগ ব্যবহার করছেন। কাজেই পলিথিন ক্যারিব্যাগ নিষিদ্ধ করার উদ্যোগ লোক দেখানো বলেই মন্তব্য করেছেন পুরবাসী।

এব্যপারে পুরবাসী পৌরসভাকেই দূষছে। আবার দোকানদাররাও বিরক্ত এই নির্দেশে। তাদের বক্তব্য, পৌরসভা নিষিদ্ধ ঘোষণা করেই ক্ষান্ত। সম্মান এবং পরিবেশের কথা চিন্তা করে আমরা ক্যারিব্যাগ খদ্দেরদের না দেওয়ায় খদ্দেরেরা অসন্তুষ্ট হচ্ছেন অপরদিকে একশ্রেণির দোকানদার অবাধে ক্যারিব্যাগ ব্যবহার করছেন। বাঁকুড়া শহরের পাইকারি ও খুচরো দোকানগুলোতে অবাধে ক্যারিব্যাগ, পলিথিন বিক্রি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান, পৌরসভা নিষিদ্ধ ঘোষণা করলেও তাদের বেচাকেনায় কোনও প্রভাব পড়েনি।

বাঁকুড়া পুরসভার পুরপ্রধান অলকা সেন মজুমদার বলেন, পাতলা পলিথিন, ক্যারিব্যাগ ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আমরা খুব শীঘ্রই এ ব্যপারে পথে নামবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *