জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: করোনা সংক্রমণ রুখতে মেদিনীপুর শহরের দুটি ওয়ার্ডকে কন্টাইনমেন্ট জোন ঘোষণা করে রাস্তার উপর ব্যানার টাঙ্গানো হলেও অভিযোগ উঠছে পুলিশের সেই ব্যানারের তলা দিয়ে মাস্ক ছাড়াই অবাধে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ, বুধবার দুপুর পর্যন্ত শহরের গণ্ডিবদ্ধ এলাকা বিধান নগর, বার্জ টাউন, রবীন্দ্রনগরে সেই দৃশ্য দেখা গেছে।

জেলা প্রশাসনের নির্দেশিকা মতো মঙ্গলবার মধ্যরাতে ওই তিনটি এলাকাকে আজ বুধবার থেকে দুই নভেম্বর পর্যন্ত এক সপ্তাহের জন্য গণ্ডিবদ্ধ করা হয়। সংক্রমণ রুখতে এইসব এলাকাগুলিতে জরুরি পরিষেবা ছাড়া সরকারি ও বেসরকারি অফিস, দোকানপাট, বাজার এবং যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মাইক্রো কন্টাইনমেন্ট জোনের বাসিন্দাদের সুবিধার্থে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যানারে একাধিক ফোন নাম্বার দেওয়া হয়েছে এবং ফোন করলেই ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

