অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ জুন: করোনা সংক্রমণ রুখতে রাজ্যে সরকারের উদ্যোগে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। অনেকেই কাজ হারিয়ে ঘরে বসে আছে তার উপর যস ঝড়ে সবজির বহু ক্ষতি হওয়ার কারণে বর্তমানে সবজির লাগামছাড়া দাম।তাই আজ বেশ কিছু পরিবারের হাতে কাঁচা সবজি, আলু, পেঁয়াজ, মাছ, সোয়াবিন, সরষের তেল, মশলা তুলে দিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত। এদিন বিধায়কের নেতৃত্বে তৃণমূল কর্মীরা দুঃস্থ পরিবারের হাতে সেগুলি তুলে দিলেন। গত এক সপ্তাহ ধরেই এই কাজ চলবে ঝাড়গ্রাম শহরের ৬ নম্বর ওয়ার্ডে।

তৃণমূল কর্মীরা জানান, প্রতিদিন প্রায় ৪০০ জন মানুষের হাতে মাছ, সবজি তুলে দিতে পেরে খুশি কর্মীরা। তারা আরও জানান, শুধুমাত্র এই এক সপ্তাহ নয় ভবিষ্যতে মানুষের দরকারে আবারও এই ক্যাম্প চলবে।

বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই পরিষেবা। আমাদের মুখ্যমন্ত্রী সকালের বাড়িতে চাল পৌঁছে দিচ্ছেন। ভাতের সাথে দরকার কিছু শাক সবজি, আলু, পেঁয়াজ, অল্প মাছ, মাংস ডিম হলে ভালো হয়। করোনা কালে দুঃস্থ পরিবারগুলির কথা মাথায় রেখে আমাদের কর্মীরা ভোর রাত থেকে উঠে গ্রামের চাষিদের কাছে থেকে শাক সবজি কিনে নিয়ে আসেন। কারণ ওই শাক সবজি বাজারে কিনতে গেলে চড়া দামে কিনতে হবে।চাষিদের কাছ থেকে সরাসরি জিনিসগুলো কিনলে দামটা একটু কমে পাওয়া যায়। এছাড়াও আমরা আজকে মাছ দিচ্ছি, এরকম করেই একদিন ডিম, একদিন মাংস দেবো। এই ভাবে তৃণমূল কর্মীদের কাছ থেকে সাহায্য পেয়ে খুশি দুঃস্থ পরিবার গুলি।

