করোনা টিকা নিলে বিনামূল্যে পাওয়া যাবে গাঁজার সিগারেট, আকর্ষণীয় ছাড় মদের দামে

আমাদের ভারত, ৯ জুন: করোনা টিকা নিলে ২১ বছরের বেশি বয়সীরা বিনামূল্যে পাবেন গাঁজা দিয়ে তৈরি সিগারেট। সম্প্রতি এইরকমই ঘোষণা করেছে আমেরিকার ওয়াশিংটন প্রদেশ। বেশি সংখ্যক মানুষকে টিকা নেওয়ার জন্য উৎসাহিত করতেই এই পদক্ষেপ বলে জানা গেছে। এছাড়াও আমেরিকার বেশ কটি প্রদেশে টিকা নিলে মদের দামে আকর্ষণীয় ছাড়ের ঘোষণাও করা হয়েছে।

সোমবার ওয়াশিংটন প্রদেশের লিকার এবং ক্যানাবিস বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে, টিকা নিলেই বিনামূল্যে গাঁজার সিগারেট দেওয়া হবে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে জয়েন্স ফর জ্যাব।

সোমবার থেকেই ওয়াশিংটন প্রদেশের শুরু হয়েছে এই পরিষেবা। আগামী ১৩ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানা গেছে। বোর্ডের তরফে জানানো হয়েছে ২১ বছর বয়সী বা তার বেশি বয়সীরা টিকা কেন্দ্র থেকে প্রথম বা দ্বিতীয় টিকা নেওয়ার পর গাঁজা বিক্রয়কারী দোকানে গিয়ে বিনামূল্যে গাঁজা-সিগারেট পেয়ে যাবেন।

এখনো পর্যন্ত ওয়াশিংটনের ৫৮ শতাংশ মানুষ অন্তত একটি টিকা পেয়েছেন। ৪৯ শতাংশ মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে এখানে। তবে শুধুমাত্র ওয়াশিংটনেই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে তার নয়। আমেরিকার বেশ কয়েকটি প্রদেশে টিকা করণ কর্মসূচিকে উৎসাহিত করতে গাঁজা-সিগারেট দেওয়ার কথা ঘোষণা করছে। অ্যারিজোনা তাদের মধ্যে অন্যতম। এছাড়া সে দেশের বেশ কয়েকটি প্রদেশে টিকা নিলে মদের দামেও আকর্ষণীয় ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *