সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১১ ফেব্রুয়ারি: আজ ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের কর্পোরেট স্যোশাল রেসপনসিবিলিটি বিভাগের উদ্যোগে ও পুরুলিয়া জেলার রামচন্দ্রপুর নেতাজী চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনা মূল্যে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎ প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার সুধীরকুমার ঝাঁ। উপস্থিত ছিলেন প্রকল্পের ডিজিএম (প্রশাসন) প্রবীরকুমার চাঁদ, এমটিপিএস হাসপাতালের ডিসিএমও কিষাণ মন্ডল ও ডা: সংঘমিত্রা নন্দী।
বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প আধিকারিক বিজি হোলকার জানান, এদিন এলাকার বিভিন্ন গ্রামের ৩ শতাধিক দুঃস্থ ব্যক্তি তাদের চোখ পরীক্ষা করান। তাদের মধ্যে ১৬৯ জনের চোখে ছানি ধরা পড়েছে। তিন দফায় তাদের চোখ অপারেশন হবে রামচন্দ্রপুর নেতাজী চক্ষু হাসপাতালে। প্রত্যেক রোগীকে ডিভিসির পক্ষ থেকে যাতায়াতের ব্যবস্থা এবং বিনা খরচে চশমা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে।

