আমাদের ভারত, আরামবাগ, ৩ সেপ্টেম্বর: যে সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রী অর্থের অভাবে জয়েন্ট এন্ট্রান্স বা নিট পরীক্ষায় বসার আগ্রহ থাকলেও পারছেন না, তাদের সাহায্যে এগিয়ে এলেন গোঘাট থানার ওসি। এইসব মেধাবী ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা করা হল।
গোঘাট থানার ওসি অনিল রাজের উদ্যোগে হুগলি গ্রামীণপুলিশ এবং গোঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক তরুণ কান্তি কোনারের তত্ত্বাবধানে এই কোচিংয়ের ব্যবস্থা করা হল। প্রথম পর্যায়ে ২০ জন ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে জয়েন্ট এন্ট্রান্স বা নিট পরীক্ষায় বসার জন্য কোচিং দেওয়া হবে। গোঘাট থানার ওসি অনিল রাজের উদ্যোগে এবং গোঘাট হাই স্কুলের শিক্ষকদের সাহায্যে এই ব্যবস্থা করা হয়েছে। গোঘাট হাই স্কুলের মোট কুড়িজন ছাত্র-ছাত্রীকে এই সুযোগ করে দেওয়া হল।
এই উদ্যোগকে স্বাগত জানাতে এদিন গোঘাট হাই স্কুলের প্রধান শিক্ষককে গোঘাট থানার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। গোঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক জানান, আগামী দিনে আরও মেধাবী ছাত্র ছাত্রীর পড়াশোনার ব্যবস্থা করবেন। ছাত্র-ছাত্রীরা খুশি। গোঘাট থানার পুলিশ জানায়, ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াশোনার দায়িত্ব ভার নিয়েছেন পুলিশ। আগামী দিনে এই ছাত্র-ছাত্রীরা ডাক্তার ও ইঞ্জিনিয়র হবে। কেউ আর টাকার অভাবে পিছিয়ে পড়বে না। আগামী দিনে সাফল্যের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে, গোটা হুগলি জেলায় ১৬৯ জন মেধাবী ছাত্র-ছাত্রীরা এই সুযোগ পেয়েছেন।

