PS, Birbhum, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানো হবে বীরভূমে: পুলিশ সুপার

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২২ মার্চ: “শান্তিপূর্ণ ভোট করানো হবে বীরভূমে। কোথাও ছাপ্পা বরদাস্ত করা হবে না। ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার চেষ্টা করা হলে কঠোর ভাবে মোকাবিলা করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে অশান্ত বীরভূমে শান্তিপূর্ণ ভোট করানো আমার কাছে চ্যালেঞ্জ,” রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বীরভূম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার স্বীকার করে নেন বীরভূম উত্তেজনা প্রবণ জেলা। তিনি বলেন, “এখানে কিছুদিন দায়িত্বে ছিলাম। ফলে জেলাটাকে কিছুটা চিনি। তাই প্রতিটি থানা পরিদর্শন করে নির্বাচনী প্রস্তুতি দেখা হচ্ছে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করার নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশন ছয়টি নির্দেশিকা জারি করেছে। তার মধ্যে অন্যতম, বুথ জ্যাম করা যাবে না। ছাপ্পা কিংবা ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দেওয়া যাবে না। এটা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো আমরা প্রতিটি থানায় গিয়ে সমস্ত অফিসার, কনস্টবলদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে এসেছি। ২০২১ এবং ২০২৪ সালে কমিশন আমাকে মুর্শিদাবাদে দায়িত্ব দিয়েছিল। সেখানে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে পেরেছি। ফলে এখানেও একইভাবে ভোট করানো হবে। কোনরকম অশান্তি বরদাস্ত করা হবে না।”

ভোটারদের ভয়ভীতি দূর করতে এখনও পর্যন্ত ২১ কোম্পানি সি আর পি এফ বীরভূমে এসেছে বলে জানান পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব। তাদের দিয়ে আপাতত রুটমার্চ করে এলাকা চেনানো হচ্ছে। গত নির্বাচনে যারা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে তাদের নজরদারির মধ্যে রাখা হয়েছে। আগামী দিনে বীরভূমে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সীমান্তবর্তী এলাকা গুলিতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন, “বীরভূম সীমান্তে বিহার ও ঝাড়খণ্ডের ১৯টি বর্ডার চেকিং গেট রয়েছে। সেই মতো দুই রাজ্যের দুমকা, পাকুড় এবং জামতারা জেলা পুলিশ সুপারদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা যৌথভাবে নাকা চেকিং শুরু করেছি। ভোটের দিন ভিন রাজ্য থেকে কেউ ঢুকে যাতে অশান্তি বাধাতে না পারে সেটা দেখা হবে”।

স্পর্শকাতর বুথ এবং গত নির্বাচনে যেখানে ৯০ শতাংশের উপর ভোট হয়েছে সেগুলো নজরে রাখা হয়েছে বলে জানান পুলিশ সুপার। এছাড়া রিপোল বুথ গুলো নজরে থাকবে। এখনও পর্যন্ত ৫০০ বুথ চিহ্নিত করা হয়েছে। আগামী দিনে সেই সংখ্যা বাড়তে পারে। এবিষয়ে নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে ১০০ শতাংশ বুথে বাইরে ও ভিতরে ওয়েব কাস্টিং থাকবে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার সূর্য প্রসাদ যাদব। তিনি ভোটারদের অভয় দিয়ে বলেন, “এবারের নির্বাচনে কমিশনের নির্দেশ মতো ছাপ্পা বন্ধ করা হবে। ভয়, ভীতি, সন্ত্রাসমুক্ত নির্বাচন করাতে আমরা বদ্ধ পরিকর”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *