সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ আগস্ট: বিদেশে কাজ দেওয়ার নাম করে প্রায় দুই লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মৃণাল বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। তিনি উত্তর ২৪ পরগনার বাগদা থানার সিন্দ্রানীর নলডুগাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার ফুলসড়া এলাকার বাসিন্দা রঞ্জিত বিশ্বাস দুদিন আগে বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে যে, সিঙ্গাপুরে কাজ দেওয়ার নাম করে মৃণাল বিশ্বাস তার কাছ থেকে কয়েক মাস আগে ১ লক্ষ ৭০ হাজার টাকা নিয়েছিল। সেইমতো মৃণাল বিশ্বাস, রঞ্জিত বিশ্বাসকে সিঙ্গাপুরের ভিসা ও বিমানের টিকিট দেয়। এরপর সে সিঙ্গাপুরে যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে তার ভিসা ও বিমানের টিকিট দেখিয়ে জানতে পারে ভিসা ও টিকিট দুটোই ভুয়ো। মৃণালের সঙ্গে ফোনে যোগযোগ করা হলে রঞ্জিতের ফোন ধরে না। এরপর বাড়ি ফিরে মৃণালের বাড়িতে যায় রঞ্জিত। তার টাকা ফেরত চায় মৃণাল বিশ্বাসের কাছে। টাকা দিতে এক মাস সময় চেয়ে নেয় মৃণাল। প্রায় তিন মাস ধরে টাকার জন্য ঘুরছে রঞ্জিত।
এরপর রঞ্জিত বিশ্বাস বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাগদা থানার অন্তর্গত পাথরিয়া বাজার এলাকা থেকে অভিযুক্ত মৃণাল বিশ্বাসকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। শুক্রবার ধৃতকে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হয়।

