পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ জুন: বেসরকারি সংস্থার মাধ্যমে বিদ্যুৎ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। শনিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট বিদ্যুৎ দপ্তর চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। অভিযুক্ত সংস্থার কর্মীদের থানায় ডেকে পাঠান বালুঘাট থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়। বালুরঘাট বিদ্যুৎ দপ্তরের দাবি, কোনও সংস্থার মাধ্যমে কর্মী নিয়োগের কোনও তথ্যই তাদের কাছে নেই। কর্মী নিয়োগ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হত বলেও জানিয়েছেন বালুরঘাটের স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ মন্ডল।
সূত্রের খবর, বালুরঘাট বিদ্যুৎ দপ্তরের অধীনে একটি সংস্থার মধ্য দিয়ে মিটার সার্ভে অফিসার নেওয়া হচ্ছিল। বালুরঘাট বিদ্যুৎ দপ্তরে এই কাজের জন্য আজ বেশ কিছু বেকার যুবক-যুবতীদের ডাকা হয়েছিল। বিদ্যুৎ দপ্তরের ভেতরে চুপিসাড়েই চলছিল ইন্টারভিউ প্রক্রিয়া। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল দুই জনকে নিয়োগ করা হবে। কিন্তু আরও ১০ থেকে ১২ জন এই চাকরির জন্য ইন্টারভিউ দিতে হাজির হয় ওই অফিস চত্বরে। আর যাকে ঘিরেই বাধে তুমুল ঝামেলা। বেশ কিছু চাকরিপ্রার্থী টাকা দেওয়ার কথা স্বীকার করলেও তারা তাদের নাম সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেননি।
সংস্থার কর্মী সৌরভ ব্যানার্জি বলেন, তারা সংস্থার পক্ষ থেকে লোক নিয়োগ করছেন। তবে এখানে টাকার বিনিময়ে কোনও কাজ দেওয়া হচ্ছে না। তাদের দু’জন সিলেক্টেড ছিল। বাকি লোক কোথা থেকে এল তা জানেন না তারা।
এদিকে যারা বিদ্যুৎ দপ্তরে কাজের কথা বলে বেকার ছেলে-মেয়েদের সেখানে হাজির করেছিল তারা সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে অস্বস্তিতে পড়ে যান। জিজ্ঞাসাবাদ করা হলে কিছুটা রেগে এলাকা ছেড়ে পালিয়ে যান।
যদিও বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ মন্ডল বলেন, কোনও নিয়োগ হলে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের তরফে তাদের কাছে নির্দেশ আসে। এক্ষেত্রে কোনওটাই হয়নি। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করবেন বলে স্থির করেছেন।

