সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ জুলাই: বাড়িতে মোবাইল টাওয়ার বসিয়ে রোজগারের সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে নেওয়া হচ্ছিল মোটা অঙ্কের টাকা। শেষ পর্যন্ত উত্তর ২৪ পরগনার বনগাঁ সাইবার ক্রাইম থানার জালে ধরা পড়ে গেল চক্রের অন্যতম চাঁই। বারাসত থেকে কৌশিক পাল নামে এক যুবককে শুক্রবার রাতে গ্রেফতার করল বনগাঁ সাইবার ক্রাইম থানায় পুলিশ।
গাইঘাটার মাটিকুমড়ার বাসিন্দা মামণি দাস নামে এক মহিলার কাছ থেকে ২০২১ সালের ২২ ডিসেম্বর মোবাইল টাওয়ার বসানোর নাম করে ফোন করে প্রস্তাব দেয়। মামণিকে জানানো হয় প্রথমে ৬৮ হাজার টাকা জমা দিয়ে এন্টি করতে হবে বিকে এন্টারপ্রাইজ নামে একটি সংস্থায়। তাকে বলা হয়, প্রতিমাসে জমির ভাড়া বাবদ ২৫ হাজার টাকা দেওয়া হবে, এছাড়া বাড়ির একজনকে চাকরি দেওয়া হবে। যে ২০ হাজার টাকা করে মাসে বেতন পাবেন। প্রতারকদের জালে পা দিয়ে ২৩ ডিসেম্বর সাগর দাসের দোকান থেকে বি কে এন্টারপ্রাইজের নামে ওই সংস্থায় তাঁদের কথা মতো ৬৮ হাজার টাকা অনলাইনে পাঠায় মামণি দাস। এরপর থেকে মামণিকে ঘোরাতে থাকে। এমনকি ওই সংস্থা মামণির ফোন ধরা বন্ধ করে দেয়।
মামণি দাস বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তারপরই বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমে শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারাসত থেকে কৌশিক পালকে গ্রেফতার করে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত কৌশিক পালকে শনিবার বনগাঁ মহাকুমা আদালতে তোলা হয়।

