চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, পারুলিয়ায় গ্রেফতার এক

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২২ সেপ্টেম্বর: সরকারি চাকরি দেওয়ার নাম করে নকল নিয়োগ পত্র দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। ধৃতের নাম আব্দুল খালেক পাইক। পেশায় ওষুধের দোকানের এক কর্মচারী শুভঙ্কর নস্করকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে সে। শুভঙ্করের সন্দেহ হতেই এ বিষয়ে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ডায়মন্ড হারবার থানার চাঁদনগর ঘোষ পাড়ার বাসিন্দা শুভঙ্কর। বেশ কিছুদিন আগেই কপাটহাটে ওষুধের দোকানে অভিযুক্ত ব্যক্তি আব্দুল খালেক পাইকের সাথে তাঁর আলাপ হয়। পরিচয় বাড়লে অভিযুক্ত আব্দুল খালেক পাইক জানায় তার সাথে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির আলাপ রয়েছে এমনকি তিনি টাকার বিনিময়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরে শুভঙ্করের চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন। তবে তার জন্য বেশ কিছু টাকা দিতে হবে। এই ভাবে চাকরির প্রলোভন দেখিয়ে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেন অভিযুক্ত। পরে রাজ্য সরকারের বিশ্ব বাংলা লোগো, রাজ্যের জয়েন্ট সেক্রেটারি ও ডেপুটি সেক্রেটারির সই ও স্ট্যাম্প নকল করে ভুঁয়ো নিয়োগপত্র তৈরী করে সে। সেই নকল নিয়োগপত্র নিয়ে ওই যুবক কাজে যোগ দিতে গেলে জানতে পারেন তার নিয়োগপত্র নকল।

এরপরেই অভিযুক্ত ব্যক্তি আব্দুল খালেক পাইককে ঘটনার কথা জানালে টাকা ফেরত দেওয়ার কথা বলেন অভিযুক্ত ব্যক্তি। তবে ঘটনার পর থেকে টাকা না দেওয়ার জন্য গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। গত সোমবার ঘটনায় পারুলিয়া কোষ্টাল থানায় আব্দুল খালেক পাইকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তি আব্দুল খালেক পাইককে গ্রেফতার করে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়েছে পারুলিয়া কোষ্টাল থানার পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনও প্রতারণা চক্র আছে কি না সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *