সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ ডিসেম্বর: জিনের নাম করে বাস্তুদোষ কাটানোর প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির সঙ্গে প্রায় তিন লক্ষ টাকা প্রতারণার করার অভিযোগে বাঁকুড়া সাইবার ক্রাইম থানার পুলিশ দক্ষিণ দিনাজপুর থেকে তিন ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে।আজ তাদের আদালতে পেশ করা হবে বলে সাইবার ক্রাইম থানা সূত্রে জানাগেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, বাঁকুড়ার ওন্দা থানার বাসিন্দা মইনুদ্দিন মন্ডলকে (নাম পরিবর্তিত) দক্ষিণ দিনাজপুর থেকে ফোনে যোগাযোগ করে বলা হয় যে জিনের সাহায্যে তার বাস্তুদোষ কাটিয়ে দেওয়া হবে। তার সাথে বিভিন্ন কথাবার্তায় তারা বিশ্বাস অর্জন করতে সমর্থ হয়।তাদের কথায় বিশ্বাস করে মইনুদ্দিন কয়েক দফায় মোট ২ লক্ষ ৭৬ হাজার ৫০০ টাকা পাঠান।
কিছুদিন পর সে প্রতারণার শিকার বলে বুঝতে পারে। তারপরই গত ১৭ নভেম্বর বাঁকুড়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে।তদন্ত শেষে পুলিশ গত দু’দিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ঘটনায় যুক্ত তিনজনকে গ্ৰেপ্তার করে।

