সাথী দাস, পুরুলিয়া, ২৯ আগস্ট: পুরুলিয়ার পাড়া ব্লকে বিজেপি জেলা সভাপতির এলাকায় দলের ভাঙন দেখা গেল রবিবার। এদিন স্থানীয় ভাউরিডি পঞ্চায়েতের অনাস্থায় অপসারিত হওয়া প্রধান চায়না বাউরি, জেড পি ৩২ মণ্ডলের সভাপতি কৈলাশ মাহাতো সদলবলে তৃণমূলে যোগ দেন। তাঁদের সঙ্গে শতাধিক পরিবার তৃণমূলে যোগ দেন। কাশীপুরের কার্যালয়ে তাঁদের হাতে পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া।
তৃণমূলে যোগদান যেন নিয়মিত হয়ে যাচ্ছে। আজকের এই যোগদান নিয়ে আগাম খবর ছিল না বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর কাছে। তিনি এই খবর আজ পাওয়ার পর বলেন, ” কাল রাতেও কৈলাশের সঙ্গে কথা বলেছি। দলত্যাগ নিয়ে কোনও কথা বলেনি। আজ হঠাৎ এমনটা হল কেন খোঁজ নিয়ে দেখছি।” রাজনৈতিক মহলের ধারণা নিজের এলাকায় এই ভাঙন অস্বস্তি বাড়াল বিজেপি জেলা সভাপতির।

এই মুহূর্তে পুরুলিয়া জেলায় কোণঠাসা রয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনে ৯ টির মধ্যে ৬ টি বিধায়ক দলের হাতে তুলে দিলেও এই অবস্থার জন্য মানসিক ও আর্থিকভাবে অসচ্ছলতা দায়ী বলে মনে করছেন নিচু তলার কর্মীরা। সংগঠন ধরে রাখতে পারছেন না জেলা নেতারা। আর তাই ওই সব কর্মী এমন কি মণ্ডল স্তরের নেতারাও দলের শীর্ষ নেতাদের ভরসা আস্থা ক্রমশঃ হারাচ্ছেন। আজকের ঘটনা অন্তত তেমনই ইঙ্গিত দিল বলে মনে করা হচ্ছে।

