আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৯ আগস্ট: বঙ্গোপসাগরে মাছ ধরতে ধরতে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার কারণে ১৪ জন ভারতীয় মৎস্যজীবী সহ একটি ট্রলার আটক করল বাংলাদেশ বর্ডার গার্ড। সোমবার বিকেলে এই খবর এসে পৌঁছেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মৎস্যজীবী ইউনিয়নের কাছে। এফবি স্বর্ণতারা নামের ঐ ট্রলারটি সহ মৎস্যজীবীদের কিভাবে ছাড়িয়ে আনা যায় সে বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে মৎস্যজীবী সংগঠনগুলি।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার উত্তর সীতারামপুর এলাকার ট্রলার এফবি স্বর্ণতারা ইলিশ ধরার সময় বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। ১৪ জন মৎস্যজীবী সহ ট্রলারটিকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড। বাংলাদেশে করোনার প্রভাব বাড়ায় মৎস্যজীবীদেরকে সমুদ্রেই আটকে রাখা হয়েছে। কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠনের কাছে খবর পৌঁছেছে, গত ৬ আগস্ট ট্রলারটি সমুদ্রে পাড়ি দেয়। পরদিন ৭ আগস্ট ট্রলারটি বাংলাদেশ জল সীমানার মধ্যে ধরা পড়ে। প্রাকৃতিক দুর্যোগের কারণে না ইচ্ছে করে বাংলাদেশ সীমানায় ট্রলারটি ঢুকেছিল তা খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রয়োজনে জেলা প্রশাসন মারফত বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠন।

