কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে ঝাঁপিয়ে পড়েছেন ডালখোলার চার যুবক

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২২ মে: কোনও স্বেচ্ছাসেবী সংগঠন বা ভলান্টিয়ারর্স গ্রুপের নাম দিয়ে নয়, একেবারে নিঃস্বার্থভাবে করোনা মোকাবিলায় আক্রান্তদের পাশে দাঁড়াতে ঝাঁপিয়ে পড়েছেন ডালখোলার চার যুবক। কখনও অক্সিজেন সিলিন্ডার নিয়ে কখনওবা স্যানিটাইজার ট্যাঙ্ক নিয়ে ছুটে যাচ্ছেন কোভিড আক্রান্ত রোগীদের বাড়িতে তাদের পরিষেবা দিতে। চার যুবকের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসছেন সমাজের শিক্ষক, অধ্যাপক থেকে ডালখোলার ব্যাবসায়ীরা।

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে যখন কোভিড আক্রান্ত রোগীরা অক্সিজেনের জন্য হাহাকার করছেন, সেইসময় ডালখোলার চার যুবক রোগীদের জীবন ফিরিয়ে দিতে বিনামূল্যে দিন রাত্রি বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে অক্সিজেন সিলিন্ডার। শুধু রোগীদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়াই নয়, নিজেদের কাঁধে জীবানুনাশক ট্যাঙ্ক চাপিয়ে জনসমাগম হয় এমন সমস্ত এলাকা নিজেরাই স্প্রে করে দিচ্ছেন। এদের কেউ স্কুল শিক্ষক, কেউবা ব্যাবসায়ী আবার কেউবা সাংবাদিকতা পেশার সাথে যুক্ত। নিজেদের কাজের ফাঁকেই দিনরাত পরিষেবা দিয়ে চলেছেন চার যুবক। মাস্ক বিতরণ ও স্যানিটাইজিং এবং অক্সিজেন পরিষেবা দেওয়ার পাশাপাশি ডালখোলা

এলাকায় একলা থাকা বয়স্ক নাগরিক থেকে শুরু করে বৃদ্ধ দম্পতিদের যেকোনও সমস্যা ও বিপদে ঝাঁপিয়ে পড়ছেন এই চার যুবক। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে যেভাবে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার চার যুবক এই ভয়াবহ অতিমারি করোনা আবহে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন তাতে ডালখোলার বিশিষ্ট জন থেকে সাধারন মানুষ সকলেই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *