নহাটা কলেজের স্টাফ রুমের আলমারি থেকে আগ্নেয়াঅস্ত্র সহ চার রাউন্ড কার্তুজ উদ্ধার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ জুলাই: কলেজের স্টাফ রুমের আলমারির থেকে উদ্ধার হল আগ্নেয়াঅস্ত্র সহ চার রাউন্ড কার্তুজ। অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করল পুলিশ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার নহাটা যোগেন্দ্র নাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে।

স্টাফ রুমের আলমারি থেকে উদ্ধার একটি আগ্নেয়াঅস্ত্র ও চার রাউন্ড কার্তুজ। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কলেজে। এই বিষয়ে কলেজের প্রিন্সিপাল ডক্টর অর্ণব ঘোষ কলেজের অ্যাকাউন্টেন্ট রণপতি রায়ের নামে অভিযোগ দায়ের করে গোপালনগর থানায়।

প্রিন্সিপাল অর্ণব ঘোষের অভিযোগ, রণপতি রায় আমাদের কলেজের একজন অ্যাকাউন্টেন্ট ছিলেন। তার আলমারি থেকেই আমরা এই জিনিসগুলি পেয়েছি। আমার সন্দেহ এই জিনিসগুলি রণপাতি রায়ের। বিগত দিনে ওনার সাথে আমার কিছু ঝামেলা হয়েছিল। তখন উনি আমার উপরে আক্রমণ করেছিলেন। তারপর থেকেই উনি জেল থেকে বেরিয়ে আর কলেজে আসেননি। আমরা কলেজ থেকে রণপতি রায়কে সাসপেন্ড করেছিলাম। এদিন আমাদের কলেজের স্টাফরা বিভিন্ন লকার খুলে কাগজপত্র বের করবার সময়ই দেখা যায় কার্তুজ এবং আগ্নেয়াঅস্ত্র তারপরেই আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়।

এই বিষয়ে চৌবেরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তপন হাজরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এরকম ধরনের জিনিস নিয়ে প্রবেশ করা অথবা রেখে দেওয়া দণ্ডনীয় অপরাধ। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে আগ্নেয়াস্ত্র কার্তুজ পাওয়াটা শিক্ষা প্রতিষ্ঠানের একটি অবমাননা। আমরা চাই দ্রুত এর তদন্ত হয়ে যেন দোষীকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *