সাথী দাস, পুরুলিয়া, ৮ অক্টোবর: বিপরীত দিক থেকে আসা দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৪ আরোহীর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। আজ দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার কাশিপুর থানার অন্তর্গত কাশিপুর বাঁকুড়া সড়কের বিশ হরিতলা মোড়ে।

স্থানীয় জয়দীপ গোস্বামী জানান, দ্রুতগতিতে আসা দুটি মোটর সাইকেল একটিতে তিনজন ও অপরটিতে দু’জন ছিলেন। দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর গুরুতর আহত ৫ জনকে কাশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত ১ ব্যক্তিকে প্রথমে কল্লোলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরে সেখান থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মৃতরা হলেন ফাগুলাল মাঝি (৭৫), সত্যকিঙ্কর মাঝি (৬৫), এবং অরবিন্দ মাঝি (২৬)। এরা সবাই কাশিপুর থানার রাধামাধবপুর গ্রামের বাসিন্দা। মৃত্যু হয় কাশিপুর থানার পাহাড়পুরের শিবনাথ মণ্ডলেরও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশিপুর থানার পুলিশ, দেহ গুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশের দাবি কারো মাথায় হেলমেট না থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

