স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ এপ্রিল: কালিয়াগঞ্জ কান্ডে চার জন এএসআই পদ মর্যাদার পুলিশ অফিসারকে অপসারিত করা হলো বলে জানালেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহঃ সানা আখতার। নাবালিকার মৃতদেহ যে ভাবে অমানবিক ভাবে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিলো পুলিশ সেই ঘটনার জেরে ওই চার পুলিশ অফিসারকে অপসারিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী বিষক্রিয়ার জেরে ওই নাবালিকার মৃত্যু হয়েছে বলে ফের জানালেন রায়গঞ্জের পুলিশ সুপার।পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট না দেওয়ার যে অভিযোগ মৃতার পরিবার ও জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের বক্তব্য, পুলিশের কাছে লিখিত আবেদন করলে আইন অনুযায়ী যে নিয়মে ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হয় সেভাবে রিপোর্ট তুলে দেওয়া হবে। তবে এই ঘটনার জেরে এলাকায় যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো তা এখন অনেকটাই শান্ত এবং সবাইকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি।

