মর্মান্তিক পথ দুর্ঘটনা! গরু বোঝাই লরিতে ডাম্পারের ধাক্কা, মৃত্যু চার ব্যক্তি ও ১৩টি গরুর

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ জুন: গরু বোঝাই লরিতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু চার জনের। সেই সঙ্গে প্রাণ গেল ১৩টি গরুর।

আজ খুব সকালে কোতুলপুরের রায়বাঘিনী গ্ৰামের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্হলেই প্রাণ হারায় তিনজন, গুরুতর জখম অবস্থায় একজনকে কলকাতা নিয়ে যাওয়ার পথে মারা যায়।

ঘটনার বিবরণে জানা গেছে, একটি লরিতে গরু বোঝাই করে নিয়ে যাওয়ার পথে যান্ত্রিক গোলযোগের কারণে লরির চালক রায়বাঘিনী মোড়ের কাছে রাস্তার ধারে লরিটি দাঁড় করায় মেরামত করার জন্য। মেরামতির কাজ চলার সময় বালি ভর্তি একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে লরিটিকে। ডাম্পারের ধাক্কায় লরিটি দুমড়ে যায়, মেরামতিতে ব্যস্ত চারজনকেই পিষে দেয়।

দুই গাড়ির সংঘর্ষে বিকট শব্দে স্হানীয় বাসিন্দারা ছুটে আসেন। তারাই উদ্ধারের চেষ্টা করে। খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে।আশঙ্কাজনক অবস্থায় চারজনকে স্হানীয় হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়, অপরজনকে কলকাতা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

স্হানীয় বাসিন্দারা জানান, সাতসকালে বিকট শব্দে ঘুম ভাঙ্গে। এসে দেখি লরিটিকে ধাক্কা মেরে ডাম্পারটি একটি বাড়িতেও ধাক্কা মারে। যার ফলে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মৃত কাদিরুল গাজি(৩৬), জাকিরুল গাজি(৪৫), ঝন্টু মোল্লা(৩৫), হ্যাপি গাজি(২৪) ভাঙড়ের বাসিন্দা।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *