চার মাস পর পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের দরজা খুলল

সাথী দাস, পুরুলিয়া, ১৭ এপ্রিল: টানা চার মাস পর দর্শকদের জন্য পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের দরজা খুলে দেওয়া হল। কোভিড পরিস্থিতির কারণে ১৬ এপ্রিল থেকে জন সাধারণের প্রবেশ বন্ধ ছিল। সরকারি নির্দেশিকা দফতরে পৌঁছতেই কোভিড বিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ করানো হবে বলে জানানো হয়েছে। আজ মনসা পুজোর ধুম থাকলেও প্রথম দিন শতাধিক দর্শনার্থী টিকিট কেটে এশিয়ার প্রথম এই জেলা বিজ্ঞান কেন্দ্রে প্রবেশ করেন।

পুরুলিয়া জেলায় ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা হাতে গোনা থাকলেও প্রশাসনিক দিক থেকে সচেতনার প্রচার জারি রয়েছে। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে বলে জানালেন জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুব জ্যোতি চট্টোপাধ্যায়। তিনি জানান, “ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান ভার্চুয়ালি বা অনলাইন ভিডিওর মাধ্যমে করা হচ্ছিল। ধীরে ধীরে পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হবে এবং সাধারণ দর্শনার্থীর সঙ্গে শিক্ষার্থীদের যাতায়াত এই কেন্দ্রে বাড়বে বলে আমার বিশ্বাস।

বিশ্ব মহামারী কোভিড ১৯ এর কারণে ২০২০-র মার্চ মাসের ২০ তারিখ থেকে জনসাধারণের জন্য বন্ধ করা হয়েছিল এই কেন্দ্রটি। প্রায় ৮ মাস পর ওই বছরের ১০ নভেম্বর দর্শকদের জন্য দরজা খুলে দেওয়া হয়। তার পর করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের চলতি বছরের ১৫ এপ্রিল থেকে টানা চার মাসের জন্য বন্ধ ছিল পুরুলিয়ার গর্ব এই জেলা বিজ্ঞান কেন্দ্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *