রামপুরহাটে ধৃত চার দুষ্কৃতি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

আশিস মণ্ডল, বীরভূম, ১১ জানুয়ারি: ডাকাতি করার আগেই পুলিশের হাতে ধরা পড়ল চার দুষ্কৃতি। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গুলি ভর্তি একটি আগ্নেয়াস্ত্র, একটি ভোজালি ও একটি ছুরি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঝাড়খন্ড সীমানা লাগোয়া বীরভূমের রামপুরহাট থানার শুঁড়িচুয়া গ্রামের কাছে ওই চারজন দুষ্কৃতি ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চার দুষ্কৃতিকে ধরে ফেলে। পুলিশের জেরায় তাদের কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায়। তাদের তল্লাশি চালিয়ে গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

ধৃতরা হল অর্জুন কুমার, আকাশ কুমার, আজফারুল শেখ এবং সুদীপ দাস ওরফে সুখেন। অর্জুন এবং আকাশের বাড়ি উত্তরপ্রদেশের আগ্রা জেলার এতাবারা এলাকায়। আজফারুল তারাপীঠ থানার খামেড্ডা এবং সুদীপ রামপুরহাট থানার ল’পাড়া গ্রামের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *