স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ ফেব্রুয়ারি: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার পরিযায়ী শ্রমিকের। মৃত এই চার জন শ্রমিক প্রত্যেকেই উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বাসিন্দা। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ঝাঁসি স্টেশন থেকে কিছুটা দূরে।
জানা গিয়েছে, গত রবিবার মধ্যপ্রদেশে কাজ করার জন্য রওনা দেন চাকুলিয়া থানার ১৯ জন শ্রমিক। সোমবার রাতে শিবপুরিতে নামে শ্রমিকরা। সেখান থেকে একটি পিকআপ ভ্যানে করে মধ্যপ্রদেশের গোরা জেলাতে যাচ্ছিল তারা। কিছুটা দূরে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি উলটে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার শ্রমিকের। গুরুতর জখম হয় আরও ১৫ জন শ্রমিক। মৃত শ্রমিকদের নাম, হাকিমূল শেখ, আব্দুল্লা শেখ, মহম্মদ রাহুল ও মকিম আলম। মৃত তিন জনের বাড়ি চাকুলিয়া থানার শিরশি গ্রামে এবং এক জনের বাড়ি ডুমুরিয়া এলাকায়। আহতদের উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমেছে এলাকাজুড়ে।

ঘটনার খবর পেয়ে বুধবার মৃত শ্রমিকদের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, বিডিও কানাইয়া কুমার রায়, চাকুলিয়া থানার আইসি সহ অন্যান্যরা। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়োজনীয় সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে মন্ত্রী গোলাম রব্বানি।

