আমাদের ভারত, ২ জানুয়ারি: নতুন বছরের শুরুতেই জঙ্গি হামলায় রক্তাক্ত হলো ভূস্বর্গ। কাশ্মীরের শ্রীনগর ও রাজৌরিতে রবিবার জোড়া হামলা চালালো জঙ্গিরা। রবিবার রাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এরা সকলেই নিরীহ হিন্দু গ্রামবাসী। এছাড়া গুরুতর যখম হয়ে নয়জন হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে কয়েকজনকে জম্মুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আঁটোসাটো করা হয়েছে উপত্যকার নিরাপত্তা।
রবিবারের প্রথম হামলাটি হয় শ্রীনগরে। সেখানে গ্রেনেড হামলা চালায় জঙ্গি বাহিনী। তাতে ৬ জনের জখম হওয়ার খবর পাওয়া যায়। এরপরই রাজৌরির ডাংরী গ্রামে ভয়াবহ হামলা চলায় জঙ্গিরা। ভর সন্ধ্যেবেলায় সেখানে হানা দেয় দুই বন্দুকবাজ। গ্রামের তিনটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে তারা। প্রথমে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে রাজৌরি মেডিকেল কলেজে হাসপাতালে প্রাণ হারায় আরো দু’জন গ্রামবাসী। এখনো দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতেরা সকলেই হিন্দু। তাদের নাম দীপক কুমার, সতীশ কুমার, প্রীতম লাল, শিব পাল। জানা গেছে, জঙ্গিরা ডাংরি গ্রামে ঢুকে গ্রামবাসীদের আধার কার্ড দেখতে চায়। তাতে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার জঙ্গির হামলা ঘটল রাজৌরিতে।
এর আগে ডিসেম্বরে সেনা ক্যাম্পের বাইরে জঙ্গি হামলায় দু’জনের মৃত্যু হয়েছিল। আবার নববর্ষের প্রথম দিন এমন ঘটনায় ডাংরি গ্রামের মানুষ প্রশাসনের ওপর বেজায় ক্ষুব্ধ। তাদের অভিযোগ, নিরাপত্তায় যথেষ্ট গাফিলতি রয়েছে। নিরীহ গ্রামবাসীদের সুরক্ষা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যাথা নেই। এদিন সকালে রাজৌরি মেডিকেল কলেজের সামনে গ্রামবাসীরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। জঙ্গি বিরোধী স্লোগান দেন তারা। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা। তবে জোড়া হামলার পর দুই এলাকাতে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। তাতে যদিও বড় কিছু লাভ হয়নি, কারণ সোমবার সকালে ফের রাজৌরীতে আইইডি হামলা চলে তাতে চার বছরের এক শিশুর মৃত্যু হয়।

