স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ ফেব্রুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের আগে আবারো দিনে দুপুরে বোমাতঙ্ক। জেলা পুলিশ সুপারের অফিস সংলগ্ন রেজিস্ট্রি অফিসে মিলল বোমা। উদ্ধার হয় চার চারটি তাজা বোমা। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগরের।

সূত্রের খবর, কৃষ্ণনগর পুলিশ সুপারের অফিসের ঠিক পাশেই রয়েছে রেজিস্ট্রি অফিস। প্রতিদিনের মতো আজও রেজিস্ট্রি অফিসে কাজ করতে আসে ল’ ক্লার্করা। তাদের দাবি, অফিসের পেছনে একটি ব্যাগ লক্ষ্য করে তারা কাছে গিয়ে দেখে ব্যাগের মধ্যে রয়েছে চার চারটি তাজা বোমা। এরপরেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় তাদের মধ্যে। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। ঘটনাস্থলে গিয়ে চার চারটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে রেজিস্ট্রি অফিসের ভেতর থেকে চারটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে রেজিস্ট্রি অফিসের ভেতরে কিভাবে বোমা এলো তা নিয়ে ঘোরাফেরা করছে একাধিক প্রশ্ন। যদিও বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। তবে কি পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলে বোমা লুকিয়ে রেখে গোপন করার চেষ্টা চলছিল। এখন দেখার পুলিশি তদন্তে এই বোমা উদ্ধারের ঘটনায় কি উঠে আসে।

