জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ এপ্রিল: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। আহত আরও ৮ জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার বাঁশগেড়িয়া এলাকায়।

জানাগেছে, শনিবার দুপুরে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার কেশররেখা এলাকা থেকে ১২ জন একটি পিকআপ ভ্যান ভাড়া করে নারায়ণগড়ের পাকুড়সেনী এলাকায় আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছিলেন। বাঁশগেড়িয়া এলাকার রাস্তা খারাপ থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে থাকা ঐ পিকআপ ভ্যনটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহত বাকি ৮ জনকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার ফলে বেশ কয়েক ঘণ্টা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

