আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২ মার্চ: ডাকাতির আগেই পুলিশের জালে চার দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা হল অমিত মণ্ডল, সন্যাসী মণ্ডল, হৃদয় মণ্ডল ও সিদ্ধেশ্বর মণ্ডল। অমিত ও সন্যাসী রামপুরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণী গ্রামের বাসিন্দা। একই পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কালিসাড়া পাড়ার বাসিন্দা হৃদয় ও সিদ্ধেশ্বর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে মাঝখন্ড মোড়ের কাছে হাজির হয় পুলিশ। সেখানে তখন ১৩-১৪ জন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিল। পুলিশের গাড়ি দেখে সকলেই ছুটে পালাতে শুরু করে। পুলিশ তাদের ধাওয়া করে চারজনকে ধরতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ভোজালি, ছুরি, লোহার রড এবং সাইকেলের চেন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আগেও অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

