আশিস মণ্ডল, রামপুরহাট, ২৭ এপ্রিল: একদিনে চারজন করোনা রোগীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। রোগীর আত্মীয়দের অভিযোগ অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে চারজনের। যদি অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের তৃতীয় তলায় করোনা রগীদের জন্য ১৬০ শয্যার বিভাগ খোলা হয়েছে। তার মধ্যে ১২ টি সিসিইউ। সেখানে এখনও পর্যন্ত সাধারণ শয্যায় ৬২ জন এবং ৬ জন সিসিইউ শয্যায় চিকিৎসাধীন। করোনা রোগীর আত্মীয়রা অভিযোগ করে বলেন, “হাসপাতালে অক্সিজেনের অভাব চরম। হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের বলতে গেলে তারা হাত তুলে দিচ্ছেন। সকালবেলা অক্সিজেন না পেয়ে এক রোগী বসে বসে মারা গেলেন।”
হাসপাতালের ডেপুটি সুপারিন্টেনডেন্ট দ্বৈপায়ন বিশ্বাস বলেন, “চার জন মারা গিয়েছে এদিন সকালের দিকে। প্রত্যেকের বয়স পঞ্চাশের উপর। তবে অক্সিজেনের অভাবে মারা গিয়েছে বলে যে অভিযোগ উঠছে তা ঠিক নয়”। মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ করবী বড়াল বলেন, “অক্সিজেনের অভাব ছিল। কিন্তু এদিন একশো অক্সিজেন সিলিন্ডার ঢুকে গিয়েছে। অক্সিজেনের জন্য কেউ মারা যায়নি।”

