BJP, Bangaon, বনগাঁ মহকুমায় মনোনয়ন জমা দিলেন বিজেপির চার প্রার্থী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ এপ্রিল: বনগাঁ মহকুমায় নির্বাচনের দামামা বাজতেই মনোনয়ন পর্বে জোর কদমে এগোচ্ছে রাজনৈতিক দলগুলি। সেই পর্বে অংশ নিয়ে সোমবার বনগাঁ মহকুমার চার বিজেপি প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়ন পত্র জমা দিলেন। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও চার বিধানসভা কেন্দ্রের কয়েক হাজার কর্মী সমর্থক।

জানা গিয়েছে, নির্ধারিত সময় মেনে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থীরা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছন। সেখানে প্রয়োজনীয় কাগজ- পত্র জমা দিয়ে তাঁরা নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুতির বার্তা দেন। মনোনয়ন জমা দেওয়ার সময় দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। চার বিধানসভার মধ্যে বাগদা বিধানসভা থেকে লড়াই করছেন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর, বনগাঁ উত্তরের প্রার্থী অশোক কীর্তনীয়া, বনগাঁ দক্ষিণের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ও গাইঘাটার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর।

প্রার্থীরা জানান, এলাকার উন্নয়ন, দুর্নীতি রোধ এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানকেই সামনে রেখে তাঁরা নির্বাচনী ময়দানে নেমেছেন। পাশাপাশি, বর্তমান শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হয়ে পরিবর্তনের ডাকও দেন তাঁরা। এদিকে, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে মহকুমা প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হয়। আগামী দিনে প্রচার পর্ব আরও জোরদার হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *