গত রাতে পর পর দুটি দুর্ঘটনায় চার বাইক আরোহীর মৃত্যু

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ জুলাই: শনিবার রাতে দুটি পৃথক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ৪ ব্যক্তির। প্রথম ঘটনাটি ঘটেছে বাঁকুড়া- দুর্গাপুর ৯ নং রাজ্য সড়কের বড়জোড়া থানার দুর্গাপুর ব্যারেজের কাছে। অন্যটি বিষ্ণুপুর- বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়কের সদর থানার দ্বারকেশ্বর নদের এক্তেশ্বর ব্রিজের কাছে।

জানা গেছে, দুর্গাপুর থেকে একটি বাইকে করে বড়জোড়া আসছিলেন সুভাষ চ্যাটার্জি(৪৮) ও বিশ্বনাথ শেঠ (২৮)। দামোদরের দুর্গাপুর ব্যারেজের কাছে ডিভাইডারে ধাক্কা মেরে দুজনেই গুরুতর জখম হন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে বিশ্বনাথ শেঠকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জখম সুভাষ চ্যাটার্জির অবস্থার অবনতি হওয়ায় তাকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গভীর রাতে তিনিও মারা যান।

বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সান্তনা দেওয়ার ভাষা নেই। তিনি বলেন, সুভাষ চ্যাটার্জি দুর্গাপুরের বাসিন্দা হলেও বর্তমানে তিনি বড়জোড়াতেই থাকছিলেন।

অপর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায় ৬০ নম্বর জাতীয় সড়কে। এই ঘটনাতেও প্রাণ হারালেন ২ ব্যাক্তি। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বিষ্ণুপুর বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়কে ২ টি বাইক  দুর্ঘটনার কবলে পড়ে। রাত ১০ টা নাগাদ ২ টি বাইক বাঁকুড়া শহর থেকে এক্তেশ্বর ব্রিজের দিকে আসছিল। ২ টি বাইকে মোট ৪ জন আরোহী ছিলেন। ঠিক কিসের সঙ্গে সংঘর্ষ হয়েছিল তা পরিস্কার বোঝা না গেলেও অনুমান করা হচ্ছে কোনো বড় ট্রলার জাতীয় কিছুর সাথে এই সংঘর্ষ হয়ে থাকতে পারে। দুর্ঘটনা ঘটার পরেই কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরে আসে ঘটনাটি। তারা আহত ৪ ব্যক্তিকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। যার মধ্যে ৩ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। রবিবার সকালে চিকিৎসকরা তাদের ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই ব্যক্তির নাম শেখ শাকিল এবং ধনঞ্জয় সাইনি। তারা ২ জনই বাঁকুড়া শহরের বাসিন্দা। ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে বাঁকুড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *