অমরজিৎ, ঝাড়গ্রাম, ৩ এপ্রিল: আগ্নেয়াস্ত্র সহ চারজনকে গ্রেফতার করা হল ঝাড়গ্রাম জেলার, বিভিন্ন থানা এলাকা থেকে। প্রসঙ্গত, বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে চলছে বেআইনি অস্ত্র উদ্ধার। পাশাপাশি চলছে দুষ্কৃতীদের গ্রেপ্তারের কাজ। ঝাড়গ্রাম জেলাজুড়ে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বেআইনি অস্ত্র উদ্ধারের পাশাপাশি দুষ্কৃতীদের গ্রেপ্তারের কাজ চলছে জোরকদমে।
শনিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের মধ্যে ফ্লাইওভারের নীচে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি ঘোরাফেরা করছে বলে পুলিশ খবর পায়। পুলিশের কাছে খবর ছিল শহরের মাঝে লোকালবোর্ড পুকুরের কাছে কিছু দুষ্কৃতী জমায়েত হচ্ছে। তল্লাশি চালিয়ে বুদ্ধদেব সিংকে আগ্নেয়াস্ত্র সহ পুলিশ গ্রেপ্তার করে। বুদ্ধদেব সিংয়ের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার ধাদকি ডাঙ্গা এলাকায়। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ তাজা কার্তুজ পুলিশ উদ্ধার করেছে।
পাশাপাশি জেলার বিনপুর থানার মাগুরিয়া থেকে বিশ্বজিৎ দাস, বেলিয়াবেড়া থানার আন্ধারিয়া থেকে কিশোর বিশাল, লালগড় থেকে নিধির সবরকেও পুলিশ অস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করে। রবিবার ঐ চারজনকে ঝাড়গ্রামের বিশেষ আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করেছে। পুলিশের পক্ষ থেকে অস্ত্র উদ্ধারের পাশাপাশি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
লালগড় থেকে ধৃত নিধির শবরকে চারদিন পুলিশ হেফাজত দিলেও বাকি তিন জনের জেল হপাজতের নির্দেশ দেয় বিশেষ আদালত।

