Midnapur, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: সাংসদ তহবিলের আর্থিক সহায়তায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হলো। এইসব প্রকল্প বাস্তবায়নের ফলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থা, ক্রীড়া পরিকাঠামো এবং জনসাধারণের নিত্যপ্রয়োজনীয় পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

মেদিনীপুর লোকসভার অন্তর্গত কেশিয়াড়ি ব্লকের বেনাডিহাতে কুজমি খালের উপর (পাবনিয়া ও ইন্দ্রার মধ্যবর্তী অংশে) একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের শিলান্যাস অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে খাল পারাপারের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হতো, বিশেষ করে বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ত। নতুন সেতু নির্মিত হলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

অপরদিকে, নারায়ণগড় ব্লকের নারায়ণগড় গ্রাম পঞ্চায়েত এলাকার বাহুরূপা থাঙ্গামারা শ্মশানের নিকট আরেকটি সেতুর উদ্বোধন করা হয়। এই সেতুটি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। শ্মশানঘাটে যাতায়াতের সুবিধার পাশাপাশি আশপাশের গ্রামগুলির যোগাযোগ ব্যবস্থাও আরও সুদৃঢ় হয়েছে।

এছাড়াও নারায়ণগড় ব্লকের বেলদা স্টেডিয়ামের বাউন্ডারি ওয়াল নির্মাণ, মাঠ সংস্কার এবং নতুন গেট তৈরির কাজের শিলান্যাস সম্পন্ন হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার ক্রীড়াপ্রেমী যুবসমাজ উন্নত পরিকাঠামোর সুবিধা পাবে এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উল্লেখ্য, এই ধারাবাহিক উন্নয়নমূলক উদ্যোগগুলি রাজ্য সরকারের সার্বিক উন্নয়ন দর্শনেরই প্রতিফলন। স্থানীয় বাসিন্দারা এইসব প্রকল্প বাস্তবায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *