কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতোকে ‘ত্রাতা’ আখ্যা দিয়ে কংগ্রেসের পতাকা হাতে নিল পুরুলিয়ার ৪২টি পরিবার

সাথী দাস, পুরুলিয়া, ১২ জুন: বাড়ি ফেরার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করে প্রকাশ্যে কংগ্রেস দলের পতাকা হাতে তুলে নিল পুরুলিয়ার বলরামপুরের ৪২টি শ্রমিক পরিবার।

শুক্রবার, পুরুলিয়া শহরে কংগ্রেসের জেলা সদর কার্যালয়ে ওই পরিবারগুলির হাতে দলের পতাকা তুলে দিলেন বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় এবং জেলা কংগ্রেসের সহ-সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায়। ছিলেন কংগ্রেসের বলরামপুর ব্লক সভাপতি নারায়ণ মাহাতো। কংগ্রেসে যোগ দিয়ে ওই পরিবারগুলি জানায়,’নেপালবাবু অসময়ে ‘ত্রাতা’ হিসেবে পাশে থাকেন। ব্যাঙ্গালোরে খাবারের ব্যবস্থা যাতায়াতের ব্যবস্থা করে দেন তিনি।’

জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বলরামপুরের দঁড়দা অঞ্চলের শালডি, চাকুলিয়া, মুরুগাদ ও দেউলি গ্রামের ৪২ টি পরিবার স্বতঃস্ফূর্তভাবে এদিন কংগ্রেস দলে যোগ দেন। এই পরিবারের সদস্যরা ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজ করতেন। তাঁরা দীর্ঘ লকডাউনে আটকে পড়েন সেখানে। বাড়ি ফেরার জন্য কোনও উপায় তাঁদের ছিল না। এই অবস্থায় খবর যায় পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর কাছে। শেষ পর্যন্ত তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পারেন ওই পরিযায়ী শ্রমিকরা।

অসময়ে ওইসব শ্রমিকদের খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। সেই কৃতজ্ঞতা বোধ থেকেই এদিন কংগ্রেসে যোগ দিলেন ওই পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবার। এই দাবির সঙ্গে অভিযোগ করে কংগ্রেসের জেলা সহ-সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুরুলিয়ার বহু পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি কেন্দ্র ও রাজ্য সরকার। উল্টে অমানবিক ও নিষ্ঠুর ব্যবহার তাঁদের সঙ্গে করেছে ওই দুই সরকার। এই ব্যবহারে আঘাত পেয়ে পরিযায়ী শ্রমিকদের দুই সরকারের প্রতি ঘৃণা জন্মেছে। আর সেই জায়গা থেকেই নেপালবাবুকে ভালবেসে কংগ্রেসে যোগ দিলেন বলরামপুরের ওই পরিযায়ী শ্রমিক পরিবারগুলি।’

জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নেপাল মাহাতো বলেন, ‘এই ক্ষেত্রে দলে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হল। এটা চলতে থাকবে। দলের আদর্শ মেনে অসহায় মানুষের সাধ্যমত পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। সেটা ওই পরিবারগুলি মনে রেখেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *