স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ জুলাই:
স্বর্ণমুদ্রা কিনে রানাঘাটের প্রাক্তন কাউন্সিলর শঙ্কর অধিকারী হলেন প্রতারণার স্বীকার। নকল স্বর্ণমুদ্রা বিক্রি করে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। রানাঘাট পৌরসভার বড় বাজার ১ নম্বর ওয়ার্ডের ঘটনা।
জানাগেছে, কয়েক মাস আগে এক যুবকের সাথে আলাপ হয় শঙ্কর অধিকারীর। সে দাবি করে রানাঘাট পৌরসভায় সে কয়েকবার এসেছিল ঠিকাদারি কাজ করার জন্য। তার বাড়ি বীরভূম। সেই সূত্রে শঙ্করবাবুর সঙ্গে তার পরিচয় হয়। এরপর শঙ্কর বাবুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়লে ঐ যুবক একটি স্বর্ণমুদ্রা বিক্রির জন্য নিয়ে আসে তার কাছে। প্রথমে শঙ্করবাবু ওই স্বর্ণমুদ্রাটি কিনতে চাননি। কিন্তু ওই যুবক যখন তাকে আশ্বস্ত করেন যে এই স্বর্ণমুদ্রাগুলি সে মাটি খুঁড়ে পেয়েছে এবং সমস্ত সরকারি কাগজপত্র করা আছে তখন শঙ্করবাবু সেই মুদ্রাটি কিনে নেন। মুদ্রাটি আসল কি না সোনার দোকানে গিয়ে পরিক্ষা করেন।

এরপর গোপাল অধিকারী নামের ওই ব্যক্তি ও তার বন্ধু আবার শঙ্কর বাবুর সঙ্গে যোগাযোগ করেন। এইবার আর ৯৫টি স্বর্ণমুদ্রা বিক্রি করবে বলে ওই যুবক ও তার বন্ধু শঙ্করবাবুর বাড়িতে আসেন। শঙ্করবাবুও বিশ্বাস করে ব্যাঙ্ক থেকে ১২ লক্ষ টাকা তুলে সেই মুদ্রা কিনে নেন। তারপর ওই ব্যক্তিরা চলে যায়। এরপর কয়েকদিন পরে তাদের ফোন করলে সুইচঅফ থাকে। শঙ্করবাবুর সন্দেহ হয়। তিনি সোনার দোকানে পরীক্ষা করলে সেগুলো নকল প্রমাণিত হয়। এরপর তারা রানাঘাট থানার পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তল্লাশিতে নেমেছে।

