স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ ডিসেম্বর: আর্থিক দুর্নীতির মামলায় রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন বিজেপি প্রধান অমল সরকারকে আদালত থেকে জামিন নেওয়ার পরেও পুলিশের বিরুদ্ধে তাঁকে ফের গ্রেপ্তারের অভিযোগ উঠল। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। যদিও রাত পোহাতেই রবিবার অমলবাবুকে রেহাই দেন রায়গঞ্জ জেলা আদালতের বিচারক। তবে সঠিক কি কারণে অমলবাবু এই হয়রানির শিকার হলেন তা নিয়ে রীতিমতো চাপানউতোর সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে অমলবাবুর আইনজীবী জানিয়েছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করা হতে পারে।
উল্লেখ্য, আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল বিজেপি নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান অমল সরকার ও পঞ্চায়েত সচিব প্রশান্ত থোকদারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, ৬ নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় ১২ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন বিজেপির প্রধান অমল সরকার ও পঞ্চায়েতের সচিব প্রশান্ত থোকদারের বিরুদ্ধে।
এই অভিযোগ করেছিলেন ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মলয় সরকার। এই ঘটনায় তারা আত্মসমর্পণ করেন। পরে জামিনে ছাড়া পান তারা।

