জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জুলাই: রবিবার রাত এগারোটার সময় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মেদিনীপুর পৌরসভার প্রাক্তন প্রধান প্রণব বসুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। এ মাসের গোড়ার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন ধরে তিনি আইসিইউ’তে ছিলেন।
প্রণববাবু দীর্ঘদিন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ করেছেন। পরে তাকে পৌর প্রশাসক এবং জেলা পরিষদের মেন্টর হিসেবে মনোনীত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট হওয়ায় গতবছর ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের জনসভায় বিজেপিতে যোগ দেন। অবিভক্ত মেদিনীপুর জেলায় তিনি ডানপন্থী নেতা হিসেবে বিশেষ পরিচিত ছিলেন। সোমবার সকালে তার মৃতদেহ মেদিনীপুর শহরে এসে পৌঁছায়। পদ্মাবতী শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

