রাজেন রায়, কলকাতা, ২৯ সেপ্টেম্বর: পূর্বাভাস মিলেছিল মঙ্গলবারই। আর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস না মিললেও এক্ষেত্রে কিন্তু অক্ষর অক্ষরে মিলে গেল সেই পূর্বাভাস। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী সদলবলে যোগ দিলেন তৃণমূলে। একথা ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার প্রথমে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক করেন কংগ্রেস নেতা লুইজিনহো। এরপরই তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। এই যোগদানের দ্বারা তৃণমূল যে কংগ্রেসের ঘরেও বড় আঘাত হানতে সক্ষম হল, তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ত্রিপুরার পর আরেকটি ছোট রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্রমশ পা বাড়াতে শুরু করল। সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের তুলে ধরতে আপাতত ছোট ছোট রাজ্যগুলির টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিকে নিশানা করেছে তৃণমূল। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
লুইজিনহো তৃণমূলে শামিল হওয়ার পরই পরপর তিনটি টুইট করে তাঁকে দলে স্বাগত জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাত বারের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূলে যোগদান গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী। লুইজিনহোর সঙ্গে এক বিধায়ক ও কংগ্রেস প্রদেশ কমিটির একাধিক সম্পাদক ও সহ-সম্পাদকও যোগ দেন তৃণমূলে।

