প্রাক্তন সিপিএম সাংসদ রুপচাঁদ পাল প্রয়াত

আমাদের ভারত, হুগলি, ১৬ আগস্ট: না ফেরার দেশে চলে গেলেন হুগলির প্রাক্তন সিপিএম সাংসদ রূপচাঁদ পাল। মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৪। রূপচাঁদের মৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে বাম নেতা-কর্মীদের মধ্যে। বিকেলে তাঁর মরদেহ নিয়ে আসা হয় শ্রীরামপুরে সিপিএমের জেলা দফতরে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন রূপচাঁদ পাল। সকালে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয় ওই সিপিএম নেতার।

১৯৫৮ সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করেন রূপচাঁদবাবু। পরে সিপিআইএম-এর জেলা কমিটির সদস্য হন। এর পাশাপাশি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যও ছিলেন তিনি। সিটু সংগঠনের জেলা-সহ সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি বিভিন্ন সমাজসেবা মূলক কাজে যুক্ত ছিলেন।

নৈহাটির ঋষি বঙ্কিম কলেজে অধ্যাপনা করতেন রূপচাদ। পাশাপাশি রাজনীতির বৃত্তেও আনাগোনা ছিল তাঁর। হুগলি থেকে সাত বার সাংসদ নির্বাচিত হন ওই সিপিএম নেতা। তবে ১৯৮৪ সালে কংগ্রেসের ইন্দুমতী ভট্টাচার্যের কাছে হেরে গিয়েছিলেন রূপচাঁদ। এর পর ২০০৯ সালে তৃণমূল প্রার্থী রত্না দে নাগের কাছে হেরে যান তিনি। একই দলের নেতা হলেও, হুগলির আরামবাগের সিপিএম সাংসদ অনিল বসুর সঙ্গে রূপচাঁদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতা ছিল বরাবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *