আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২১ সেপ্টেম্বর: আগামী ৩০ তারিখ মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভার ভোট। তার আগে মুর্শিদাবাদ জেলাতে ফের ভাঙন ধরতে চলেছে কংগ্রেস দলে। টানা পাঁচ বারের বিধায়ক তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক মইনুল হক তৃণমূলে যোগদান করতে চলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। মঙ্গলবার কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ঝাড়খণ্ডের পর্যবেক্ষক পদ থেকে ইস্তফা দিয়েছেন। সোনিয়া গান্ধী ও অধীর চৌধুরীর কাছে চিঠি দিয়ে এই পদত্যাগের কথা জানিয়ে দেন।
বিধানসভা নির্বাচনের এক সপ্তাহ আগেই কংগ্রেস ছাড়ছেন মইনুল হক। সব ঠিক থাকলে তিনি ২৩ সেপ্টেম্বর জঙ্গিপুর বিধানসভার নির্বাচনী প্রচারে জঙ্গিপুরের এমডিআই ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তাঁর হাত ধরে ঘাসফুল শিবিরে আনুষ্ঠানিকভাবে নাম লেখাবেন। সূত্রের খবর, তাঁর সাথে জেলা কংগ্রেসের আরও বেশ কয়েকজন কর্মী, সমর্থক দল বদল করে তৃণমূলে আসবেন।
সোমবার রাতে জঙ্গিপুরের তৃণমূলের প্রার্থী জাকির হোসেনের বাড়িতে একটি বৈঠক হয় জেলা নেতৃত্বের। ছিলেন সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি খলিলুর রহমান, সাংসদ আবু তাহের খান-সহ শীর্ষ নেতৃত্ব। সেখানেই মইনুল হককে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান বলেছেন, আগামী ২৩ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে প্রচারে আসছেন। তাঁর হাত ধরেই তৃণমূলে যোগ দেবেন ফারাক্কার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মইনুল হক। শুধু তিনি নন, তাঁর সঙ্গে ওই দিন আমাদের দলে যুক্ত হবেন আরও বেশ কয়েকজন কংগ্রেস কর্মী।

