স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ জুলাই: ভারত সরকারের প্ল্যানিং কমিশনের বোর্ড লাগানোর অভিযোগে উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বেঞ্জামিন হেমরমকে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। তবে আটক ব্যক্তি বেঞ্জামিন হেমরম জানিয়েছেন, ভারত সরকারের স্বেচ্ছাসেবি সংস্থার তিনি দায়িত্বে আছেন। সেই সংস্থার পক্ষ থেকে তাকে এই বোর্ড লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাই তিনি এই বোর্ড লাগিয়েছেন।

তৃণমূল কংগ্রেস এরাজ্যে ক্ষমতায় আসার পর উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান করা হয়েছিল বেঞ্জামিন হেমরমকে। দূর্নীতির অভিযোগেই তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া দিয়েছিল। বেঞ্জামিন হেমরম হেমতাবাদ হাইস্কুলের ইংরাজি বিভাগের শিক্ষক। দলের সঙ্গে তার এখন খুব বেশী যোগাযোগ নেই। আগে তিনি হেমতাবাদে থাকলেও বর্তমানে তিনি রায়গঞ্জ চন্ডীতলায় একটি আবাসনে থাকেন। উত্তর দিনাজপুর জেলা সদর দপ্তর কর্নজোড়ায়। জেলা পুলিশের কর্তারা সেই পথ দিয়ে যাবার সময় কালো গাড়িতে কেন্দ্রীয় সরকারের এই বোর্ডটি দেখতে পান। জেলা পুলিশ কর্তারা কর্ণজোড়া পুলিশকে বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেন। কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ এই নির্দেশ পেয়েই তাকে আবাসন থেকে রায়গঞ্জ থানায় ডেকে নিয়ে আসেন। পুলিশ তার কাগজপত্র খতিয়ে দেখছে।

এদিকে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখর রায় জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বৈধ কাগজ থাকলে কোনও সমস্যা নেই। পুলিশ দেবাঞ্জনের ঘটনার পর বেশ খানিকটা সতর্ক।

