রায়গঞ্জে জমি বিবাদের জেরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত প্রাক্তন বিএসএফ কর্মী ও তার পরিবার

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৫ মার্চ: জমি বিবাদের জেরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন প্রাক্তন বিএসএফ কর্মী ও তাঁর পরিবার। গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন স্বামী-স্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বোগ্রাম এলাকায়।

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত প্রাক্তন বিএসএফ কর্মীর নাম কালিকান্ত সিংহ, বাড়ি রায়গঞ্জের বোগ্রাম এলাকায়। কালিকান্ত সিংহের অভিযোগ, পাঁচ কাঠা জায়গার সামনের অংশে তাঁর ভাইপো তাদেরকে না জানিয়ে ঘর বানাতে উদ্যোগী হয়। যা নিয়ে বিবাদের সূত্রপাত। পরবর্তীতে সেই জায়গার দখল ও ঘর তৈরি নিয়ে আদালতে মামলা হয়। এই মামলায় কালিকান্ত বাবুর পক্ষেই রায় হয়।

এদিকে মঙ্গলবার তিনি জমিতে গেলে তার উপর ভাইপো একদল দুষ্কৃতি নিয়ে চড়াও হয়। মারধর করা হয় কালিকান্তবাবুর স্ত্রী এবং মেয়েকেও। কালিকান্ত সহ তার স্ত্রী ও মেয়েকে গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কালিকান্ত সিংহ ও তার স্ত্রী রায়গঞ্জ মেডিকেলে ভর্তি থাকলেও প্রাথমিক চিকিৎসার পর তাঁর মেয়েকে ছেড়ে দেওয়া হয়। যদিও এই ঘটনায় অভিযুক্ত পক্ষ এলাকায় গা ঢাকা দিয়েছে বলে স্থানীয় সুত্রে খবর। ফলে তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *