আমাদের ভারত, হাওড়া, ১৫ ডিসেম্বর: বিজেপির হাওড়া সদরের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। আগামীকাল শরৎ সদনে তৃণমূল কংগ্রেসের এসসি এসটি সেলের বিজয়া সম্মেলন অনুষ্ঠানে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেবেন বলে জানাগেছে।
উল্লেখ্য গত দশ নভেম্বর ছট পুজোর দিনে সুরজিৎ সাহাকে দল বিরোধী কাজের জন্য বিজেপি থেকে বহিষ্কার করা হয়। তিনি ক্যামেরার সামনে সরাসরি অভিযোগ করেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে। এছাড়াও দলীয় সংগঠনের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মুখ খুলে তিনি কার্যত নেতৃত্বের কোপে পড়েন। আজ রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, আগামীকাল শরৎ সদনে এক অনুষ্ঠানে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। মন্ত্রী আরো বলেন, সুরজিৎবাবু তৃণমূলে যোগদানের জন্য কিছুদিন আগে তাঁর কাছে আবেদন করেন। এরপর তিনি দলনেত্রীর অনুমতি নিয়েছেন। সেইমত সুরজিৎবাবু এবং তার অনুগামীরা দলে যোগদান করবেন। আগামী কাল তৃণমূল কংগ্রেসের যোগ দেবার আগে সুরজিৎবাবু নিজেও জানিয়েছেন, বিজেপি দলে অন্য দল থেকে আসা নেতাদের গুরুত্বই বেশি। ২৮ বছরের পুরনো কর্মীদের কোনও জায়গা নেই। পশ্চিমবঙ্গের বিজেপি এখন শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানির পরিচালনায় পরিচালিত। সেই কারণে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করতে হাওড়ায় তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন তার অনুগামীদের নিয়ে।
উল্লেখ্য কিছুদিন আগে হাওড়া পুরসভার বাম পৌরবোর্ডের প্রাক্তন মেয়র এবং সিপিএম নেত্রী মমতা জয়সওয়াল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। অরূপবাবু বলেন, বিরোধী দলের নেতা-নেত্রীরা দলে যোগদানে দল আরো শক্তিশালী হচ্ছে।
অপরদিকে বিজেপির হাওড়া জেলার আহ্বায়ক মনিমোহন ভট্টাচার্য সরাসরি তার কথাকে গুরুত্ব না দিয়ে জানালেন, তিনি এখন দলের কাছে অতীত। তার বিজেপিতে না থাকায় হাওড়া জেলা বিজেপির কোন ক্ষতি হবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ যাদের হাতে পশ্চিমবঙ্গের দায়িত্ব রয়েছে তারা সঠিক পথেই দলকে পরিচালনা করছেন।

