বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে অশ্লীল ভাষায় আক্রমণ, ফিরহাদ হাকিমের বিস্ফোরক ভিডিও ফাঁস বিজেপি নেতার

আমাদের ভারত, ২০ এপ্রিল: মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি ফোনালাপের অডিও ফাঁস ঘিরে উত্তাল হয়েছে রাজ্য। এবার ষষ্ঠ দফার নির্বাচনের আগে মমতা শিবিরের অন্যতম সৈনিকের ভিডিও ফাঁস করল বিজেপি। রাজ্যের তৃণমূল সরকারের পুরমন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের একটি ভিডিও এবার ফাঁস করেছে বিজেপি। ওই ভিডিওতে ফিরহাদকে কেন্দ্রীয় বাহিনী ও বিজেপির বিরুদ্ধে অশ্লীল শব্দ প্রয়োগ করতে শোনা গেছে। আমাদের ভারত যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে দলের প্রচারে রোড শো চলাকালীন জনতার উদ্দেশ্যে ফিরহাদকে বেশ কিছু বিতর্কিত কথা বলতে শোনা গেছে। সেখানে শীতলকুচি কান্ডের প্রেক্ষিতে সিআইএসএফের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি।

এই ভিডিও প্রকাশ্যে আসার ঘটনায় ফিরহাদ বলেছেন, এই ভিডিওটি অসত্য। এসব করেই বিজেপি ক্ষমতায় আসতে চাইছে।

যদিও এইবারের ভিডিওটি রাজ্যের কোনও বিজেপির নেতা প্রকাশ করেননি। ভিডিওটি প্রকাশ্যে এনেছেন দিল্লি বিজেপির বিধায়ক তেজেন্দর পাল সিং বগ্গা। তিনি মঙ্গলবার টুইটারে প্রায় ১ মিনিট ২৫ সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, এই ভিডিওটির শেষ ২৪ সেকেন্ডে তৃণমূল নেতা এবং কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন শুনুন। অশ্লীল ভাষা ব্যবহার করে বলছেন ভোট যেতে দাও সিআইএসএফের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তিনি আরও লেখেন এই তৃণমূল নেতাই কলকাতা বন্দর এলাকাকে মিনি পাকিস্তান বলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *