স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ মে: ভোটের ফলাফলের পরবর্তীকালে বিপুল সমর্থন নিয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর চাকদহের ৯ নম্বর ওয়ার্ডের বেশকিছু বিজেপি কর্মী ও সমর্থক আতঙ্কে ঘরছাড়া হয়েছিলেন। সেই ৯ নম্বর ওয়ার্ডের ঘরছাড়াদের প্রত্যেককে বাড়িতে ফেরালেন এবং শান্তিপূর্ণভাবে বসবাস করার আহ্বান জানালেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
যখন স্বরাষ্ট্রমন্ত্রকের কেন্দ্রীয় দল বিভিন্ন জায়গায় শাসকদলের ভোট-পরবর্তী হিংসার ছবি পর্যবেক্ষণে যাচ্ছেন তখন অপরদিকে তৃণমূল নেতৃত্ব বিজেপি কর্মী সমর্থকদের ঘরে ফেরানোর এবং তাদের ওপর কোনও রকম অত্যাচার বা হিংসা হবে না বলে প্রতিশ্রুতি দেওয়ায় সাধুবাদ জানিয়েছেন এলাকার বিজেপি কর্মী সমর্থকরা।

তৃণমূলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি অনিন্দ্য সিংহ রায়ের দাবি, গত ১০ বছরে এখানে এরকম কোনও অশান্তির ঘটনা ঘটেনি কিন্তু এবার বিজেপির নেতৃত্ব বিশেষ করে দিলীপ ঘোষ এবং সায়ন্তন বসু সহ কিছু নেতৃত্বে কথাবার্তার জন্যই এই ধরনের অশান্তি।

