ক্ষোভ ভুলে বরানগরের সেলিব্রিটি প্রার্থীকে কাছে পেয়ে আপ্লুত বিজেপি কর্মীরা

আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ মার্চ: প্রার্থী নিয়ে ক্ষোভ ছিল বিজেপি কর্মীদের, কিন্তু তাঁকে সামনে পেয়ে সেই ক্ষোভ নিমেষে উধাও। বরানগরের সেলিব্রিটি প্রার্থী পর্নো মিত্রকে কাছে পেয়ে আপ্লুত বিজেপি কর্মী সমর্থকরা। তাকে ফুল দিয়ে স্বাগত জানালেন তাঁরা।

এদিন সাংবাদিক সম্মেলনে পর্নো মিত্র বলেন, “আমি মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। বাংলায় শিল্প নেই, আইন শৃঙ্খলার অবনতি, হিংসা রক্তপাত বাড়ছে। কেন এগুলো দিনের পর দিন চলবে? রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা হওয়া দরকার। আমি রাজনীতিতে নবাগত। যাঁরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাঁরা ভীষণ অভিজ্ঞ। তবে আমার বিশ্বাস আমি বরানগর বাসীর ভালোবাসা জিতে নিতে পারব। আমি মানুষের কাছে আবেদন করব, আপনারা তো এতগুলো বছর অনেক মানুষকে দেখলেন, এবার আমাকে সমর্থন করুন, কথা দিচ্ছি বরানগর বাসীর বিপদে আপদে সুখ দুঃখে আমি সকলের পাশে থাকব।” বললেন বিজেপি প্রার্থী পার্নো মিত্র।

উত্তর ২৪ পরগনার বরানগরে দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হতে এসে সাংবাদিক বৈঠক করে একথা বলেন বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র। দীর্ঘদিন টলিউড ইন্ডাস্ট্রিতে কর্মরত পার্নো মিত্র। বাংলা সিরিয়াল থেকে সিনেমা সব কিছুতেই অভিনয় করে সুনাম অর্জন করেছেন। বরানগর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী পার্নো মিত্র আজ দলীয় কর্মীদের সাথে সাক্ষাতের জন্য প্রথমবার বরানগরে আসেন।

অভিনেত্রী প্রার্থীকে পেয়ে আপ্লুত বিজেপি কর্মী সমর্থকরা। প্রার্থী নিয়ে কর্মীদের মধ্যে সামান্য ক্ষোভ থাকলেও, এদিন প্রার্থীর সামনে সেই ক্ষোভের প্রকাশ হয়নি। বিষয়টি নিয়ে সেলিব্রিটি বিজেপি প্রার্থী পার্নো মিত্র বলেন, “আমি জানি না এখানে কোনও সমস্যা আছে বলে। আমার সঙ্গে সকলেরই ভালো সম্পর্ক। খুব শীঘ্রই প্রচারে নামব।”

এদিন তিনি বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাঁরা সকলেই অনেক বড় মাপের রাজনৈতিক নেতৃত্ব, তবে তিনি আশাবাদী বরানগরের সমস্ত স্তরের মানুষের তাঁকে সমর্থন করবে। নির্বাচনে জয়ের পর দলের নির্দেশ মেনে সাধারণ মানুষের কাজ করবেন তিনি, এমনটাই জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *