আমাদের ভারত, হাওড়া, ২২ জানুয়ারি: বাগনানের কালিকাপুর উত্তর পাড়ায় ৩ টি পূর্ণ বয়স্ক স্ত্রী বাঘরোল হত্যার ঘটনায় এবার খুনীদের ধরতে পুরস্কার ঘোষণা করল বন দফতর। এই প্রসঙ্গে উলুবেড়িয়ার বন দফতরের রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বাঘরোলগুলির। তিনি জানান, ঘটনার পর আমরা তদন্ত করে দুই অভিযুক্তের খোঁজ পেয়েছি। যদিও ঘটনার পর থেকেই দু’জন পলাতক। আর পলাতকদের খোঁজ পাওয়ার লক্ষ্যে আমরা পুরস্কার ঘোষণা করেছি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাগনানের কালিকাপুর উত্তর পাড়ায় রাস্তার পাশ থেকে পা বাঁধা অবস্থায় তিনটি মৃত বাঘরোল উদ্ধার করে বন দফতর। রাতেই বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমে দুই অভিযুক্তের খোঁজ পায়। ইতিমধ্যে দুই অভিযুক্তের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে।
এদিকে বাঘরোল হত্যা বন্ধ করতে রবিবার বন দফতর এবং পরিবেশ প্রেমী সংগঠনের উদ্যোগে এলাকায় সচেতনতামূলক প্রচার চালানোর উদ্যেগ নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদক শুভদীপ ঘোষ জানান, বাঘরোল রাজ্যপ্রাণী। আমরা চাই দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

