বহিরাগতদের বাংলা ছাড়া করতে হবে: অভিষেক  

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৯ মার্চ: বাংলা দখল করতে যেসব বহিরাগতরা এখানে আসছে আগামী বিধানসভা নির্বাচনে তাদের বাংলা থেকে তাড়ানোর ডাক দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিনপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে পড়িহাটিতে এবং নয়াগ্রাম কেন্দ্রের প্রার্থীর সমর্থনে খড়িকামাথানীতে আয়োজিত দুটি নির্বাচনী জনসভায় ভাষণ দেন ডায়মন্ড হারবারের সাংসদ।

তিনি বলেন, এবারের নির্বাচনে বিজেপি এক নম্বরের লড়াইয়ে নেই। ২ বা ৩ নম্বরের জন্য লড়াই করছে ওরা। তৃণমূল এক নম্বরে ছিল  এবং এক নম্বরে রয়েছে। শুধু বিনপুর কিংবা নয়াগ্রাম নয় সমস্ত জায়গাতেই তৃণমূলের জনসভায় মানুষের ঢল নামছে। অমিত শাহ, জেপি নাড্ডা, নরেন্দ্র মোদীদের মত বহিরাগতরা আসছেন জনসভা করছেন কিন্তু মানুষ তাদের জনসভায় যাচ্ছে না। লোক হচ্ছে না দেখে এইসব বহিরাগতরা আর বাংলায় আসতে চাইছেন না। কারণ বাংলার মানুষ বহিরাগতদের হাতে বাংলাকে ছেড়ে দিতে চাইছেন না। তার কারণ বাংলায় বিগত ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ার এনেছেন। বহিরাগত বিজেপি নেতারা বলছেন, তারা সোনার বাংলা গড়বে। কিন্তু উত্তর প্রদেশ গুজরাট আসাম ত্রিপুরা ইত্যাদি বিজেপি শাসিত রাজ্যগুলি সোনার হল না কেন? প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, একমাত্র সোনার বাংলা গড়েছে মমতা বন্দোপাধ্যায়। এবং তিনিই তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় আসবেন। ক্ষমতায় এসে বিজেপির মত ছয় হাজার টাকা নয়, আগামী দিনে কৃষকদের জন্য একর প্রতি ১০ হাজার টাকা করে দেবেন। ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষ্যার জন্য ক্রেডিট কার্ড দেবে। ৪% সুদে। গ্রাম কিংবা শহরের মানুষদের আর রেশন দোকানে যেতে হবে না। দুয়ারে রেশন পৌছে দেবে।রাজ্যের সমস্ত মানুষের জন্য স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। বিজেপি বলেছিল চাকরি দেবো। কিন্তু তারা চাকরি দেয়নি। রাজ্যের মানুষ বিজেপিকে এবারের ভোটে গোল্লা দেবেন।

উন্নয়ন প্রসঙ্গে অভিষেক বলেন, মোদী বাবুর রিপোর্ট কার্ড কোথায়? উনি বলছেন খেলা নয় উন্নয়ন হবে? বিজেপির উন্নয়ন গণহত্যা, বেকারত্ব। একদিকে উন্নয়ন একদিকে অশান্তি। একদিকে বহিরাগত। একদিকে বাংলা নিজের মেয়েকে চায়। আপনারা কোনটা চান সেটা ভেবে দেখবেন। তৃণমূল সাংসদ বলেন, মে মাসের ২ তারিখ যখন ফল বের হবে তখন বিজেপি চোখে সর্ষেফুল দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *