রাজেন রায়, কলকাতা, ২৭ মার্চ: আপাতত প্রথম দফায় ভোট দানের উৎসাহে খুশি বিজেপি। শনিবার কলকাতায় কমিশনের দফতর হন হাজির হয়ে কৈলাস বিজয়বর্গীয়, অর্জুন সিং, শিশির বাজোরিয়ারা। কৈলাস দাবি করেন, “গত ছয় বছরে এই প্রথমবার ভোটে কম রিগিং হয়েছে।” এর জন্য কমিশনকে শুভেচ্ছা জানান তিনি। ৯০ শতাংশের বেশি পোলিং বুথে মানুষ নির্ভয়ে ভোটদান করেছেন বলেও এ দিন দাবি করেন তিনি।
দিনকয়েক আগেই নন্দীগ্রামের ‘বহিরাগতদের’ নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। এ বার নন্দীগ্রামের ‘দুষ্কৃতীদের’ তালিকা কমিশনের হাতে তুলে দিল বিজেপি। একই সঙ্গে নন্দীগ্রামের বিজেপি নেতাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করার যে অডিয়ো ভাইরাল হয়েছে, তা নিয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বঙ্গ বিজেপি শিবির।
কৈলাস দাবি করেন, “১০০ শতাংশ বুথে মানুষ যাতে নির্ভয়ে ভোটদান করেন সেটা কমিশনকে নিশ্চিত করতে হবে।” যারা অসামাজিক কাজকর্মে জড়িত, তাঁদের নামের তালিকাই এ দিন তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে।

