আমাদের ভারত, ৯ মে: রবিবার করোনা মহামারী নিয়ে পর্যালোচনার পর গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিকে অনুদানের জন্য ৮ হাজার ৯২৩কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। এই টাকা দিয়ে কোভিড মোকাবিলায় একাধিক কাজ করা হবে দেশের ২৫ রাজ্যের গ্রামগুলিতে।
করোনার বিরুদ্ধে এই অনুদানের সাহায্যেই কাজ করবে গ্রাম পঞ্চায়েতগুলি বলে জানিয়েছে অর্থমন্ত্রক। নির্মলা সীতারমণের মন্ত্রক ঘোষণা করেছে গত বছর ১৫ জুন গ্রাম এলাকার জন্য এই অর্থ প্রদানের সুপারিশ করা হয়েছিল। এরপর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে এই তহবিল বরাদ্দ করা হয়েছে।
গ্রাম, ব্লক ও জেলা স্তরে পঞ্চায়েতের মাধ্যমে এই টাকা খরচ হবে করোনা মোকাবিলায়।
করোনার দ্বিতীয় ঢেউতে টালমাটাল অবস্থা দেশজুড়ে। যদিও দেশের শহরাঞ্চলে সংক্রমন যেভাবে ছড়িয়েছে গ্রামীণ এলাকায় সেটা এখনো হয়নি। কিন্তু শহরাঞ্চলে সংক্রমণ মারাত্মক হারে ছড়ানোর জন্য স্বাস্থ্য পরিষেবা বিপর্যস্ত হয়েছে বেশিরভাগ জায়গায়। সেই একই পরিস্থিতি যাতে গ্রামে না হয় তার জন্য অগ্রিম পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

