আমাদের ভারত, ১৯ এপ্রিল:রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে মঙ্গলবার থেকে। ব্যাপকহারে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। একইসাথে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত স্কুল গুলি বন্ধ রাখা হবে বলেও জানানো হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদেরকেও স্কুলে আসতে হবে না বলে, নির্দেশিকায় জানানো হয়েছে।
রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও বেসরকারি স্কুলের কাছে একই আবেদন জানিয়েছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, বর্তমানের পরিস্থিতি পর্যালোচনা করে গরমের ছুটি এগিয়ে আনার কথা বলা হয়েছে। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে।
রবিবারে ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা জেই ই মেইন স্থগিত রাখার কথা বলা হয়েছে।এটি চলতি বছরের তৃতীয় প্রবেশিকা পরীক্ষা ছিল। এর আগে ফেব্রুয়ারি-মার্চে দুটি প্রবেশিকা পরীক্ষা হয়ে গিয়েছে। শুক্রবার আইসিএসসি এবং আই এস সি পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘোষণা করেছে বোর্ড। গত বুধবার সিবিএসসি পরীক্ষার ক্ষেত্রেও এই একই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এবার রাজ্যের সব স্কুলে ছুটি ঘোষণা করা হলো।

