আমাদের ভারত, ২২ ডিসেম্বর:করোনার নয়া প্রটোকল জারি করল সরকার। ব্রিটেনের ফেরত সব যাত্রীদের করোনার আরটিপিসিআর টেস্ট করা বাধ্যতামূলক। তে সব যাত্রীদের মধ্যে করোনার নতুন প্রজাতির খোঁজ পাওয়া যাবে তাদের পৃথকভাবে আইসোলেশনের ব্যবস্থা করা হবে।
করোনার এই নতুন স্ট্রেন নিয়ে গোটা বিশ্বে আবার নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এই নতুন প্রজাতিকে অনেক বেশি সংক্রামক বলেই দাবি করেছে। একইসাথে দাবি করা হয়েছে এই ভাইরাস কমবয়সীদের বেশি করে প্রভাবিত করছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ১৭ বার মিউটেশনের পরে করোনার এই নতুন প্রজাতি এসেছে, যা আরো বেশি সংক্রামক। এটি মানুষের মধ্যে অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। ইউরোপের প্রায় ৩০ টি দেশ ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করেছে। একই সিদ্ধান্ত নিয়েছে ভারত। ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ থাকবে।
তবে এরইমধ্যে চেন্নাই বিমান বন্দরে ব্রিটেনের ফেরত ১ যাত্রীর করোনা ধরা পড়েছে। তার নমুনা খতিয়ে দেখতে পুনেতে পাঠানো হয়েছে। অন্যদিকে সোমবার রাতে দিল্লিতে ব্রিটেনের ফেরত ৫ যাত্রীর কোভিড পজিটিভ ধরা পড়েছে। তাদেরও নমুনা ন্যাশনাল সেন্টার ফর বিসিএস কন্ট্রোলে পাঠানো হয়েছে।

